আজ স্টিফেন হকিংয়ের ৭০তম জন্মদিন

৮ জানুয়ারি, ২০২০ ১০:০৪  
আধুনিক পদার্থ বিজ্ঞান সমৃদ্ধ হয়েছে যার চিন্তা আর গবেষণার কারণে সেই জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের আজ ৭০তম জন্মদিন। ১৯৪২ সালের ৮ জানুয়ারি যুক্তরাজ্যের অক্সফোর্ডে জন্ম গ্রহণ করেন হকিং। ইতালির বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি মৃত্যুর ঠিক তিনশ’ বছর পর। গ্যালিলিও মারা যান ১৬৪২ সালের ৮ জানুয়ারি। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেও থেমে নেই হকিংয়ের আবিষ্কার। মহাবিশ্ব সৃষ্টির রহস্য ‘বিগ ব্যাং থিউরি’ দিয়ে তিনি হইচই ফেলে দেন। শুধু তাই নয়, হকিং কখন কী বলবেন তা শোনার জন্য আগ্রহে থাকেন গোটা বিশ্বের বিজ্ঞানীরা। ১৯৬৩ সালের কথা। মাত্র ২১ বছর বয়সে মোটর নিউরোন রোগে আক্রান্ত হওয়ায় এখন তিনি এক প্রকার পঙ্গু জীবন যাপন করছেন। রোগাক্রান্ত হয়ে দেহ পঙ্গু থাকলেও সজাগ মস্তিস্কে বিশ্ব ব্রহ্মাণ্ডের চিন্তা তার মাথায় সর্বদা। স্টিফেন হকিংয়ের নিজস্ব ওয়বসাইটের তথ্যমতে, বর্তমানে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ‘থিওরেটিক্যাল কসমোলজি সেন্টার’ এ গবেষণা পরিচালক হিসেবে কর্মরত আছেন। এর আগে গত ৩০ বছর ধরে তিনি একই বিশ্ববিদ্যালয়ে গণিতের ‘লুকাসিয়ান প্রফেসর’ হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষা বিষয়ে বিশ্বের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পদগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয় ‘লুকাসিয়ান প্রফেসর’কে। আরেক জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনও এই পদে দীর্ঘ দিন কাজ করেছেন৷ ১৯৮৮ সালে ‘অ্যা ব্রিফ হিস্ট্রি অব টাইম’ বইয়ের মাধ্যমে বিশ্বব্যাপী বিখ্যাত হয়ে ওঠেন হকিং। বইটিতে তিনি মহাবিশ্বের আগমনের রহস্য নিয়ে বেশ কিছু তত্ত্ব দেন। সেখানেই তিনি বিখ্যাত ‘বিগ ব্যাং তত্ত্ব’টি আলোচনা করেছিলেন। আন্তর্জাতিকভাবে বেস্ট সেলার হিসেবে বইটির প্রায় ১০ মিলিয়ন কপি বিক্রি হয়।